লর্ডস টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ
২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলার আগে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পাশাপাশি ইংল্যান্ড সফরের আগে তিন অথবা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ।
চেমসফোর্ডে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। তবে এই মাঠে এখনো কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। দুই দলের মধ্যে এ পর্যন্ত তিনটি টেস্ট হয়েছে, যার দুটি মিরপুরে এবং একটি সিলেটে।
মূলত অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড। সফরে ওয়ানডে ম্যাচ যুক্ত করার চেষ্টা করলেও ইসিবির সঙ্গে আলোচনা সফল হয়নি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি টেস্ট ম্যাচ নিশ্চিত করে বিসিবি।
উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১০ সালে। এর আগে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।





আপনার মতামত লিখুন